জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান গ্রামীণ স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে বলেছেন, চিকিৎসকের অভাবে গ্রামাঞ্চলের মানুষ সময়মতো সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসীকে সেবার ব্রত নিয়ে কাজ করলে এই সমস্যার সমাধান সম্ভব। এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি, যা বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করবে, যাতে আগামীর বাংলাদেশে কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারান, কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন অকালে প্রাণ না হারান।

বৃহস্পতিবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাতের চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে প্রতি হাজারে চিকিৎসকের অনুপাত শূন্য দশমিক ৮৩। এর ফলে একজন চিকিৎসককে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ জন রোগীর সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এই পরিস্থিতি আরও ভিন্নতর। এছাড়া নার্সের অনুপাত প্রতি হাজারে শূন্য দশমিক ৫৪৯, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী চিকিৎসকের অনুপাত প্রতি হাজারে ২ দশমিক ২৮ এবং নার্সের অনুপাত ১ দশমিক ৪৮ হওয়া বাঞ্ছনীয়। সরকারি চিকিৎসকদের অনুপাতের বিষয়ে তিনি জানান, প্রতি ৬ হাজার ৫০০ মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক রয়েছেন।

তরুণ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত চিকিৎসাব্যবস্থা গড়ে তুলবেন। মেডিকেল শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা দেশের মেধাবী শিক্ষার্থী। চিকিৎসকের পেশায় অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই জীবনের সার্থকতা ও আত্মতৃপ্তি নিহিত রয়েছে।