দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বিআইডব্লিউটিএ-এর কার্যক্রম গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২৩ জুলাই ২০২৬ তারিখে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত "কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন" শীর্ষক এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি এবং মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।
সভার শুরুতে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মুহিদুল ইসলাম সংস্থার রাজস্ব বৃদ্ধি, ড্রেজিং কার্যক্রম, নৌপথের নাব্যতা, বন্দর ব্যবস্থাপনা, ইজারা এবং নৌ-নিরাপত্তাসহ সার্বিক সেবার ডিজিটাল রূপান্তরের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন।
সভায় প্রতিমন্ত্রী ও সচিব বিআইডব্লিউটিএ-কে আরও সেবামুখী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যয়-সাশ্রয়ী ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ খনন, বয়া ও বাতিসহ নৌ-চিহ্ন দৃশ্যমান করার প্রকল্প গ্রহণ এবং ২০২৬-২০২৭ অর্থবছরের অনিষ্পন্ন ইজারা দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেওয়া।
এছাড়া তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগীকরণ, দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি, নতুন রাজস্ব ক্ষেত্র চিহ্নিতকরণ এবং নদী বন্দরে মালামাল খালাসে পর্যায়ক্রমে অটোমেশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্য নিয়ে সংস্থাটিকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানানো হয় এই সভায়। উক্ত মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ-এর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মো. মোয়াজ্জেম হোসেনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।