সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে শ্যামনগরে কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ‘শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সঞ্চালনা করেন মো. ফরিদুজ্জামান। এতে মাওলানা আবদুল কাইয়ুম বলেন, নৈতিক স্খলনের ঘটনায় গাজী নজরুল ইসলাম কেবল নিজের সম্মানই নষ্ট করেননি, বরং আলেম সমাজকে অপমানিত করেছেন। তিনি দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নুরনগর ইউনিয়নে এসব কর্মসূচি পালিত হয়। ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার, আইনজীবী ইব্রাহিম খলিল ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুর রহমান। বক্তারা দাবি করেন, গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের নৈতিক যোগ্যতা হারিয়েছেন এবং শ্যামনগরের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে।

নুরনগর বাজারে অনুষ্ঠিত সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর এবং কাশিমাড়ী বাজারে সোলাইমান কবির ও আজিজুল ঢালীসহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য দেন। বক্তারা স্পষ্ট জানান, সংসদ সদস্য পদ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। শুরুতে দলের অনেক নেতাকর্মী ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করেছিলেন।

পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পেজে দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে জামায়াতের খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি সংশ্লিষ্টদের বক্তব্য শোনার পর প্রতিবেদন জমা দিলে বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।