ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যে, সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডসে অন্তর্ভুক্ত হয়, তবে তা মধ্যপ্রাচ্যে শান্তির পথে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য হবে। এই সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির বিষয়টি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে। গত বৃহস্পতিবার ট্রাম্প তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, রিয়াদকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার অনুমতি দেওয়ার যে যুগান্তকারী চুক্তি হয়েছে, তার অন্যতম প্রধান শর্ত হলো সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে।
উল্লেখ্য যে, গত বুধবার যখন এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল, তখন ট্রাম্প এটিকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের শর্তসাপেক্ষ বলে উল্লেখ করেননি। ট্রাম্পের এই নতুন মন্তব্যের বিষয়ে সৌদি আরব এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রিয়াদ তাদের পূর্বের অবস্থানেই অনড় রয়েছে। সৌদি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পথ সুগম না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো এবং কাজাখস্তান আব্রাহাম অ্যাকর্ডসের স্বাক্ষরকারী দেশ হিসেবে রয়েছে।