হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় একটি কাভার্ড ভ্যানসহ ৬ হাজার ৩০০ কেজি বা ২১০ বস্তা জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২২ জুলাই রাত ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটির পিছু নেয়। রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তল্লাশি চালিয়ে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসিয়াল সিল জাল করে তৈরি করা বিল অব এন্ট্রি সংক্রান্ত কাগজপত্র, বিভিন্ন স্ক্যানকৃত নথি এবং ভুয়া সিল উদ্ধার করা হয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতি সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চোরাচালান ঠেকাতে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।