পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাবে রূপান্তরিত করতে চায় সরকার। সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত কক্সবাজার পর্যটনখাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভায় এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
পর্যটনমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে ইকো ট্যুরিজম মডেল অনুসরণ করার আহ্বান জানান এবং এই অঞ্চলকে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হবে, যা বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে তুলবে।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভায় জানান, পর্যটনমন্ত্রীর প্রস্তাবনার সাথে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে জেলাটিকে একটি অত্যাধুনিক পর্যটন হাবে রূপ দেওয়া হবে। সভায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট তৈরি এবং ব্লু ইকোনমি ইউনিভার্সিটি স্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশীজনদের প্রস্তাবনা অনুযায়ী দ্রুত কক্সবাজার স্মার্ট সিটি তৈরির মাস্টারপ্ল্যান কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়া অর্থ বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।