সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনায় পরিবারের বাবা শফিকুল ইসলাম ও তাদের বড় ছেলে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নিজস্ব প্রাইভেট কারে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের স্ত্রী তানিয়া, ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা প্রাণ হারান।
নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। বড় যানবাহনটির ধাক্কায় তার বোন এবং ভাগনে-ভাগনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।