ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে টানা ২৬ দিন অনশন করার পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। শুক্রবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। অনশন ভাঙানোর সময় মেদান্তা হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই মন্ত্রী ওয়াংচুকের হাতে পানীয় তুলে দিচ্ছেন এবং এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি আংমো পাশে ছিলেন।

অনশন ভাঙার পর সামাজিক মাধ্যমে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি ২৬ দিনের অনশন শেষ করেছেন। তিনি জানান, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোন কোন শর্তে অনশন ভেঙেছেন, তা বিস্তারিতভাবে পরে ভিডিও বার্তায় জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার এবং কোনো ধরনের সহিংসতায় জড়িয়ে না পড়ার আহ্বান জানান ওয়াংচুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত আগের স্বাস্থ্য ও ওজন ফিরে পান। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মেদান্তা হাসপাতালের ভিডিওতে দেখা যায়, অনশন ভাঙার সময় ওয়াংচুক নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের হাত ধরে বলেন, তিনি আনন্দের সঙ্গে অনশন ভাঙছেন এবং সবাইকে ধন্যবাদ জানান। এ সময় জে.পি. নাড্ডা সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আশ্বাস তুলে ধরেন। তিনি জানান, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এবং ২০ জুলাই সংসদ অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

এছাড়া সংসদে আলোচনার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষাব্যবস্থার সংস্কারের সমাধান খোঁজার আশ্বাস দেওয়া হয়েছে। সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানান তিনি। এর আগে কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সচিবকে অপসারণ, দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গত ২৮ জুন যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের সঙ্গে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক।