গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা-মেকারপাড়া এলাকায় গত কয়েক দিন ধরে ‘বাঘ’ সদৃশ একটি বন্যপ্রাণী ঘোরাফেরা করছে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে অনেক বাসিন্দা সন্ধ্যার পর ঘরের বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল হক জানিয়েছেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজমাওনা গ্রামের ফকির বাড়ি মসজিদ এলাকায় নামাজে যাওয়ার পথে তিনি দূর থেকে প্রাণীটিকে দেখেন। তার বর্ণনা অনুযায়ী, প্রাণীটির মাথা গোলাকার এবং লেজ বেশ লম্বা ছিল। প্রাণীটি তার সামনে দিয়ে উত্তর দিকে চলে যায়। প্রায় এক সপ্তাহ ধরে এলাকাটিতে প্রাণীটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এবং স্থানীয় অনেকে এর ছবি ও ভিডিও ধারণ করেছেন বলে তিনি দাবি করেন।

একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান জানান, গত ১৯ জুলাই তিনি প্রাণীটিকে প্রথম দেখেন। তিনি দাবি করেন, এর আগেও অনেকে প্রাণীটিকে দেখেছেন এবং তাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এছাড়া গত বুধবার রাতে মেকারপাড়া এলাকায় প্রাণীটির পায়ের ছাপ পাওয়ার কথাও জানান তিনি। প্রাণীটি নিজ চোখে দেখেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, ‘স্বপ্নে দেখছি নাকি, ঘুমিয়ে দেখছি!’ এটা বলতে পারি না।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কামরুন্নাহার সাঈদ জানান, ফেসবুকে তিনি প্রাণীটির ভিডিও দেখেছেন, তবে নিজে এখনো সামনাসামনি দেখেননি। এদিকে, প্রাণীটি বাঘ কি না তা নিশ্চিত না হলেও স্থানীয় বাসিন্দারা আতঙ্কের কারণে রাতের বেলা চলাচল কমিয়ে দিয়েছেন। তারা প্রাণীটির পরিচয় নিশ্চিত করতে বন বিভাগের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান স্পষ্ট করেছেন যে, গাজীপুর বাঘের আবাসস্থল নয় এবং এখানে বাঘ আসার কোনো সম্ভাবনা নেই। ভিডিও এবং স্থানীয়দের বর্ণনার ওপর ভিত্তি করে তিনি ধারণা করছেন, এটি মেছো বিড়াল হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি আরও বলেন, মেছো বিড়াল প্রকৃতির জন্য উপকারী প্রাণী এবং খাদ্যশৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞার সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।