বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন এই সিদ্ধান্তের আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে। এর আগে বৈশ্বিক পর্যায়ে আরোপিত ১০ শতাংশ অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই নতুন শুল্কের ঘোষণা দেওয়া হলো।
ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে নতুন এই শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশই এই নতুন শুল্ক কাঠামোর আওতায় পড়বে। তবে নিত্যপ্রয়োজনীয় ও কৌশলগত কিছু পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করেছিলেন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। এরপর বৈশ্বিক শুল্ক আরোপের নির্বাচনী পরিকল্পনা পুনরুদ্ধারের লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন এই নতুন পদক্ষেপ নিয়েছে।
ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের পর ডনাল্ড ট্রাম্প ১৫০ দিনের জন্য ১০ শতাংশ হারে একটি অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন। সেই শুল্কের মেয়াদ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার কথা রয়েছে। নতুন এই শুল্ক ঠিক সেই সময় থেকেই কার্যকর হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনাধীন অবস্থায় থাকা পণ্যগুলো এই নতুন শুল্কের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।