দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১০ জনে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যবর্তী সময়ে এই ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১৫ হাজার ১৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ লাখ ২২ হাজার ১৫০ জন। এদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।