কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামের এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত শিশুটি গাইটাল জনতা স্কুলের শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এই টহল দলের সদস্য ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে সহকর্মীদের সঙ্গে তিনিও শিশুটির পরিচয় নিশ্চিত করতে গিয়ে দেখেন, নিহত ব্যক্তি তাঁর নিজের ছেলে তুহিন। সন্তানের এমন নিথর দেহ দেখে উপস্থিত পুলিশ সদস্যরা শোকাহত হয়ে পড়েন। কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা তানিয়া নাজনীন জানান, সকালে থানায় খবর আসে জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে, তবে তখন পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, সকালে গাইটাল এলাকার নিজ বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় বের হয়েছিল তুহিন। তখনই সিমেন্টবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।