নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল ভারতের শিক্ষাঙ্গন। এই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-এর নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট বক্তব্য, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হবে না।
তবে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকারের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ করা হয়তো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, সরকার সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। অর্থাৎ, আন্দোলনের চাপের মুখে শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়েছে। বৈঠকে সরকারের পক্ষে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বৈঠকের পর সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, তারা তিনটি প্রধান দাবি সরকারের কাছে পেশ করেছেন। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় অংশ নিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের না করা।
সিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনার জন্য আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। তবে নিজেদের অবস্থানে তারা অনড় রয়েছে।