জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার দলটির কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এই দাবি উত্থাপন করেন।
বৈঠকে নেতারা বিএনপির সমালোচনা করে বলেন, দলটি সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে চায়। অথচ জনগণের প্রত্যাশা হলো এমন একটি সংবিধান সংস্কার, যা স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনপ্রতিষ্ঠার সকল পথ রুদ্ধ করে দেবে। নেতারা মত প্রকাশ করেন যে, জুলাই জাতীয় সনদে মৌলিক কাঠামো পরিবর্তনের যেসব প্রস্তাবনা রয়েছে, বর্তমান প্রক্রিয়ায় তা সংশোধন করলে টেকসই হবে না। তাই সংবিধান সংস্কার পরিষদ গঠন এখন সময়ের দাবি।
নেতারা আরও বলেন, এই পরিষদের মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা থাকা প্রয়োজন, যে ক্ষমতা জনগণ গণভোটের মাধ্যমে ইতিমধ্যে দিয়েছে। সরকার যেন জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে। এছাড়া জুলাই ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদী বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও তারা জোর দাবি জানান।
বৈঠকে ভারতজুড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নরেন্দ্র মোদী সরকারের নিপীড়ন ও ধরপাকড়ের তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব এবং সংখ্যালঘু মুসলমানদের জীবন, সম্পদ ও ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসে ভারত সরকারের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করা হয়েছে।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এই ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।