লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত চার পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে এক মাদক কারবারিকে প্রাইভেটকারসহ ছেড়ে দিয়েছেন তারা। শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লোজ হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় ওই চার কর্মকর্তা এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে জব্দকৃত আলামত থানায় না নিয়ে কৌশলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে দরকষাকষির এক পর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে এই চালান ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি প্রকাশ পায়।

পরদিন ১৮ জুলাই ভবানিপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে ওই পুলিশ দলটি গ্রামবাসীর তোপের মুখে পড়ে। এই ঘটনার পর জেলা পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্তদের লালমনিরহাট পুলিশ লাইনসে ক্লোজ করেছে। হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।