চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জসিম (৩৫)-কে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করেছেন স্থানীয় যাত্রীরা। অভিযুক্ত জসিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় এবং তাঁর বাবার নাম মৃত তোফায়েল আহমেদ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাসের সামনের দিকে বসা ওই শিক্ষার্থীকে পেছনের আসনে থাকা জসিম সিগারেট ফেলার অজুহাতে স্পর্শ করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ওই শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন এবং তাঁকে হুমকি দেন। ওই সময় বাসে থাকা অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানসহ বাস থেকে নেমে যান।
তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য বাসটি থামলে অভিযুক্ত জসিম সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গিয়ে পুনরায় বাসে ওঠেন। এ সময় তিনি ওই ছাত্রীর চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হেনস্তা ও হুমকি প্রদান করেন। পরে বাসচালক, সহকারীর সহায়তায় এবং অন্যান্য যাত্রীদের হস্তক্ষেপে অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থী ওই সময় একাই খাগড়াছড়িগামী লোকাল বাসে ফিরছিলেন এবং হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।