প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা সুরক্ষা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের ক্ষমতার মূল উৎস দেশের জনগণ। শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকসের (দায়রা) আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বিগত ১৬ বছরের শাসনামলকে কর্তৃত্ববাদী আখ্যা দিয়ে বলেন, এই দীর্ঘ সময়ে রাজনৈতিক নিপীড়ন ও নৃশংসতার সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। গুম, বিচারবহির্ভূত হত্যা এবং ভুয়া মামলার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপিই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। তিনি আরও বলেন, কেবল একটি দল নয়, বরং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তৎকালীন সরকারের লক্ষ্যবস্তু ছিল।

গুমের ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও গুমের শিকার হয়েছেন। এখন পর্যন্ত ৭০০ জনের বেশি মানুষ গুম হওয়ার পর আর ফিরে আসেননি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে মাহদী আমিন বলেন, তিনি নিজে স্বজন হারানোর বেদনা গভীরভাবে অনুভব করেন। তার বাবা রাষ্ট্রপতি থাকাকালীন প্রাণ হারিয়েছেন, মাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে জেলে রাখা হয়েছিল এবং তার ভাইকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এমনকি তাকে নিজেও কথা বলতে দেওয়া হতো না এবং বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার অনেক সদস্য ও সংসদ সদস্যও একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার একটি 'রিসেট বোতাম' চেপে স্বচ্ছ এজেন্ডা নিয়ে কাজ শুরু করেছে। অতীতে ক্ষমতার উৎস জনগণ ছিল না, বরং পুলিশ, গোয়েন্দা সংস্থা, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে ব্যবহার করা হতো। বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়। তিনি বলেন, সংস্কার কেবল মুখের কথা নয়, সরকারের প্রথম পাঁচ মাসের কাজের মধ্যেই তার প্রমাণ রয়েছে। প্রশাসনিক গতি আনতে প্রতিটি মন্ত্রণালয় ১৮০ দিনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে। প্রতিশোধের সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায্য বিচার ও মানবাধিকার সুরক্ষাই সরকারের মূল অঙ্গীকার।

তিনি আরও বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশ সরকারবিহীন অবস্থায় থাকার সময় বিএনপির নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো শান্তি ও জনগণের অধিকার নিশ্চিত করেছিল। সামনের দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে সুষম উন্নয়ন, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই হবে সরকারের মূল লক্ষ্য। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন থাকলে পাঁচ বছরের মেয়াদেও প্রথম পাঁচ মাসের সফলতা বজায় রাখা সম্ভব।