ছোটপর্দার নাটক ও ওটিটি সিরিজ পেরিয়ে চলচ্চিত্রেও নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সচেতনতার জন্যও তিনি দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন এই তারকা। তার এই গ্ল্যামারাস লুক নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।
নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে এক রাজকীয় ও মায়াবী লুকে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। ছবিতে তাকে একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউনে দেখা গেছে। ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর পটভূমিতে নিউইয়র্কের আকাশচুম্বী ভবনগুলোকে ফুটিয়ে তুলে বেশ কয়েকটি আকর্ষণীয় পোজ দিয়েছেন তিনি। পোশাকের সঙ্গে তার মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ ও আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে। কখনো মুখ ঢেকে হাসিমুখে, আবার কখনো শুয়ে পোজ দিয়ে ভক্তদের মন জয় করেছেন এই নন্দিত অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে শেয়ার করা এই ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো…’। ক্যাপশন থেকেই স্পষ্ট যে, কালজয়ী হিন্দি সিনেমা ‘কাল হো না হো’-এর নিউইয়র্ক শহরের সেই চিরচেনা আমেজ থেকেই এই স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা পেয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর থেকেই কমেন্টবক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। প্রিয় তারকাকে এই রূপে দেখে অনেকেই তাকে ‘নীল পরী’ বলেও আখ্যায়িত করেছেন।