গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২৫ জুলাই) দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে কাশিমপুর জোনাল অফিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এবং রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত বিস্তৃত ১১কেভি ফিডারটি অনেক বড় এবং এতে লোডের পরিমাণ বেশি। এই ফিডারটি ছোট করা এবং ভবিষ্যতে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নতুন দু’টি ফিডার নির্মাণ করা হবে। এই কাজের সুবিধার্থে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্সের আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুলের আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা এবং হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য কাশিমপুর জোনাল অফিসের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।