চাঁদপুর শহরের একটি চারতলা ভবনের ফ্ল্যাট বাসায় হানা দিয়ে শীর্ষ মাদক কারবারি 'বাঘ শাহজাহান'সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সড়কের শহীদ মিনারের সামনে এই অভিযান চালানো হয়। অভিযানে বাঘ শাহজাহানের সঙ্গে হাসনা ও মিথিলা নামের দুই নারীকেও আটক করা হয়েছে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, আটক শাহজাহান জামতলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে। ডিবির দল ওই ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটটিতে ইয়াবা বিক্রি, সেবন এবং অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে ফ্ল্যাটটি মাদক কেনাবেচা ও সেবনের আখড়া হিসেবে ব্যবহৃত হওয়ার সত্যতা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।