চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি সম্পত্তিতে থাকা গাছ বিক্রির অভিযোগ এনে স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ফরিদগঞ্জ থানায় এই অভিযোগটি করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার।
অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দ বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সম্পত্তিতে এই ঘটনা ঘটে। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১৯-বি আনন্দ বাজার খালের পাড়ে থাকা রেইন্ট্রি ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কাজী ও তার সহযোগীরা।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, সরকারি খালের পাড়ে বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় আমি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি, পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনবে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কাজী দাবি করেন, যেখান থেকে গাছগুলো বিক্রি করা হয়েছে, সেই সম্পত্তিটি তাদের দুই বাড়ির ব্যক্তিমালিকানাধীন। তিনি বলেন, গাছগুলো আমার শ্বশুরের হাতে লাগানো ছিল। এগুলো আমাদের নিজস্ব গাছ বলেই আমরা বিক্রি করেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।