ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এই পদত্যাগের ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের কয়েক ঘণ্টা আগেই মন্ত্রীর পদত্যাগের খবরটি সামনে এল।
গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।
শনিবার সকালেও সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। মন্ত্রীর পদত্যাগের এই ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।