২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার গভীর যন্ত্রণার কারণে তিনি ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন। শুক্রবার সকালে কোপা সুদামেরিকানার নকআউট পর্বের প্লে-অফে ও'হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
৩২ বছর বয়সী এই ফুটবলার বলেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারব কি না, তা জানি না। পুরো বিষয়টি ভালোভাবে ভেবে দেখার প্রয়োজন আছে। আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। যদিও আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট দীর্ঘদিন থাকবে, কারণ আমরা শিরোপার খুব কাছাকাছি ছিলাম।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস জানান, পুরো বিশ্বকাপজুড়ে তিনি পাঁজরের চোটে ভুগেছেন। প্রথম কয়েক দিন, এমনকি মিসরের বিপক্ষে ম্যাচের পরও তীব্র ব্যথা ছিল। তবে ট্রমাটোলজিস্ট ও মেডিকেল দলের সহায়তায় শেষ পর্যন্ত মাঠে নামতে পেরেছেন এবং এখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ফাইনাল শেষে রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতির ঘটনায়ও আলোচনায় ছিলেন পারেদেস। তবে তিনি ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আমরা ভাবি না। আমরা জানি, দারুণ একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেনই ছিল সেরা দল এবং তাদের জয় প্রাপ্য ছিল।
গত আট বছরে আর্জেন্টিনার অর্জন নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, এটি উপভোগ করার সময়। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে যাওয়া সহজ নয়। এছাড়া লিওনেল মেসি ও প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, চালিয়ে যাওয়া বা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের জন্যই কঠিন হবে। আমাদের পথচলাটা অসাধারণ ছিল এবং এই মান ধরে রাখা সহজ হবে না।