দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯১ শিশু। শনিবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭৮ জন এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬১৩ জন। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮১ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৭৯ জন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭২১ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২ জন। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।