ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পরও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। উল্টো আরও তিন দফা দাবি জুড়ে দিয়ে নতুন আল্টিমেটাম দিয়েছে ছাত্র সংগঠনটি। গত ২৫ জুলাই (শনিবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও আন্দোলনকারীরা এখনই বিক্ষোভস্থল ছাড়ছেন না। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও তেলাপোকারা (বিক্ষোভকারীরা) এখনই আন্দোলনস্থল থেকে চলে যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সিজেপির পক্ষ থেকে নতুন তিনটি দাবি তুলে ধরা হয়েছে। প্রথম দাবি অনুযায়ী, নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেক পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এবং তৃতীয়ত, দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সকে (আরএএফ) বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা সেখানে বিজয় উল্লাস করছেন। এই ঘটনাকে ভারতের গণতন্ত্রের বড় জয় হিসেবে আখ্যা দিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সোনাম ওয়াংচুকও এটিকে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকারকর্মী ও পরিবেশবিদরাও এই পদত্যাগের খবরে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।