ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রবিবার (২৬ জুলাই) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে শনিবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন তিনি।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৫টা ১ মিনিটে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন এবং তার হৃৎযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হওয়ায় তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়ছেন। এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। হাফিজ উদ্দিন আহমদ আরও জানান, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও সম্পন্ন হয়ে থাকে।