পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কলকাতার সিআইটি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট-এর প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সিআইটি রোডে একটি মিছিল বের করেছিল। ওই মিছিল থেকে গণজমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ কুণাল ঘোষকে গ্রেপ্তার করে। একই মিছিল থেকে কলকাতা সিটি করপোরেশনের কাউন্সিলর ও তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাইকোর্টের অনুমতি না থাকা সত্ত্বেও সেখানে জনসমাবেশ করা হচ্ছিল। এই ঘটনার জেরে সিআইটি রোড দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েছিল বলেও পুলিশের ভাষ্য।