রাজধানীর বাজারে শাক-সবজির পাশাপাশি কাঁচামরিচের দাম হুহু করে বাড়ছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এখন কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে কাঁচামরিচ কোথাও ৩১০ টাকা, আবার কোথাও ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, বৃষ্টির কারণে মরিচ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে বাজারে পণ্যটির সরবরাহ অনেক কম। এছাড়া অন্যান্য সবজির সরবরাহও কমে যাওয়ায় সামগ্রিকভাবে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিক্রেতাদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা কেজি। বর্তমানে তারা নতুন কাঁচামরিচ ৩০০ টাকা এবং পুরোনো কাঁচামরিচ ৩২০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় সাধারণ মানুষ চরম বেকায়দায় পড়েছেন। বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, কাঁচামরিচ নিত্যপ্রয়োজনীয় পণ্য হলেও এর দাম এখন সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এছাড়া অন্যান্য শাক-সবজির দামও অনেক বেশি। ক্রেতারা জানান, দুই-তিন রকমের সবজি অল্প করে কিনলেও ২০০ থেকে ২৫০ টাকা খরচ হয়ে যাচ্ছে, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সবজি বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহের ব্যবধানে শুধু কাঁচামরিচ নয়, অনেক পণ্যেরই দাম বেড়েছে। এই বাড়তি দামের কারণে প্রায়ই ক্রেতাদের সঙ্গে তাদের ঝগড়া বা তর্কের ঘটনা ঘটছে।