রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডি-৫ নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পরবর্তীতে তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ সুধাসদনে যায়। সেখানে এক অজ্ঞাত যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙুলের ছাপের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বর্তমানে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।