মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাজধানী দামেস্ক ও দেইর এজ-জরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ওই মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। পূর্ব সিরিয়াকে রাজধানীর সঙ্গে সংযুক্তকারী এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হোমসের সামরিক হাসপাতালে স্থানান্তরের জন্য ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের ফলে সিরিয়ার সড়ক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ সম্প্রতি জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার মতে, বর্তমানে সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনা।