শনিবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মসূচিটির তৃতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ। একই দিনে ক্যাম্পাসে একটি চাকরি মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) এবং বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডি (পিএম-৩)-এর অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপির উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডির (এফএম) মঈনুল হাসান।

এ ছাড়া বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, ছাত্রকল্যাণ পরিচালক, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ তৈরি পোশাক ও বস্ত্রশিল্প খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং নীতিনির্ধারকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।