সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রবি বা সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানা গেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়ার কথা থাকলেও রোববারও তিনি চলে যেতে পারেন।
বঙ্গভবন ছাড়ার পর সাবেক এই রাষ্ট্রপতি রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠবেন। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত উইং বিষয়টি দেখভাল করছে। এদিকে, শুক্রবার বিকালে মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই শুক্রবার বিকালে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামক তার বাসায় নতুন টেলিফোন সংযোগ স্থাপনসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিতে দেখা গেছে সংশ্লিষ্টদের।