ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয়েছে। তীব্র আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগপত্র গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ জোশীকে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রহ্লাদ জোশী কর্ণাটকের একজন লোকসভা সদস্য। তিনি এতদিন নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়েরও নেতৃত্ব দেবেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেশের শিক্ষা খাতের চলমান অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে এই দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।