পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্ক সফরের শুরুতেই সেনাপ্রধান দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন। সফরসূচির অংশ হিসেবে তিনি তুর্কি স্থল বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন, যেখানে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগলু এবং তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেলের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।