ইরানের ওপর চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, টানা ১৩ দিন ধরে হামলার পর মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এই ঘাটতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র আপাতত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার ট্রাম্প তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এই বিরতি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে বড় ধরনের সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত একে মার্কিন প্রশাসনের একটি সাময়িক সফলতা হিসেবেও দেখা হচ্ছে। তবে একই সূত্রের দাবি, প্রয়োজনে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে।