নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে জেলার ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা।

মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, কেন্দ্রীয় বিএনপি নেতা শাহান শা সোহেল, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, এই ধরনের মিলনমেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং খেলাধুলাসহ নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা দিনটি উপভোগ করেন।