বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে মোট ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

প্রতিবেদনের তথ্যমতে, এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে ৩৬ লাখ ২০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

ব্যাংকভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এই সময়ে ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।