প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এনএসসির সভাপতি এবং বিওএর সভাপতি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই স্টিয়ারিং কমিটির মূল কাজ হবে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন, তদারকি করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা।