সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২৬ জুলাই রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম এবং চিকিৎসক ও নার্সদের উপস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার এবং ওয়াশরুম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির দায়ে তিনজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাস, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহানা সেলিমকে বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। তিনি একই সঙ্গে হাসপাতালের সংস্কারকাজ দ্রুত শেষ করার এবং চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন এই ভবনে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া পরিদর্শনের সময় শ্যামনগরের এক দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী তরুণীকে চাকরির আশ্বাসও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।