জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও সৃষ্টিকে ছড়িয়ে দিতে সরকারি সব দাপ্তরিক চিঠিপত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
গত ২৬ জুলাই (রবিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এই বিশেষ বর্ষ উদযাপন উপলক্ষে গত ২ জুলাই প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো উন্মোচন করেছিলেন।
জাতীয় কবির চেতনা ও সৃষ্টিকে জাতীয় জীবনে ধারণ এবং যথাযোগ্য মর্যাদায় এই বর্ষ উদযাপনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় একটি বিশেষ অনুরোধ জানিয়েছিল। তাদের অনুরোধ ছিল, সব সরকারি দাপ্তরিক পত্রে যেন এই লোগো ব্যবহার করা হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে এই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।