রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টল পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে তিনি মেলায় বিএডিসির স্টলটি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বিএডিসি চেয়ারম্যান ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন উন্নত জাতের চারা সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। মেলায় বিএডিসির স্টলে দেশি-বিদেশি, সুপরিচিত ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির ফুল, ফল এবং ঔষধি গাছের চারা স্থান পেয়েছে, যা শুরু থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে ‘সদকাহ’ হিসেবে গণ্য করার বিষয়টি উল্লেখ করে বিএডিসি চেয়ারম্যান বৃক্ষ সংরক্ষণের ওপর জোর দেন। তিনি সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা সফল করতে এবং দেশের পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। উল্লেখ্য, টেকসই বৃক্ষ সম্পদের গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে গত ৯ জুলাই ২০২৬ থেকে মাসব্যাপী এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।