ঝালকাঠির রাজাপুরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কে অবস্থিত মেসার্স ময়না মেডিকেল হলে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মহিউদ্দীন ভান্ডারী। তিনি রাজাপুর সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মরহুম মোবারক ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন মহিউদ্দীন ভান্ডারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয় সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী মো. মহিউদ্দীন ভান্ডারী নিজের পক্ষে দাবি করেন, তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজি চিকিৎসক। রোগী দেখাসহ ওষুধ দেওয়ার অনুমতি তার রয়েছে এবং তার সব ধরনের বৈধ কাগজপত্রও আছে। এরপরও কেন তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, মহিউদ্দীন ভান্ডারীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।