বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। 'বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩' অনুযায়ী, তাকে আগামী পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তা কার্যকর হবে।

নির্ধারিত শর্ত অনুযায়ী, জাতীয় অধ্যাপক পদে থাকাকালীন ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা পাবেন। তবে এই পদে থাকা অবস্থায় তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না।

চাকরির শর্তে বলা হয়েছে, ড. মাহবুব উল্লাহ তার পছন্দমতো যেকোনো গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণামূলক কাজ চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে তাকে গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অবহিত রাখতে হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট প্রতি বছর কাজের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে এবং সেই অগ্রগতি সম্পর্কে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করবে। গবেষণালব্ধ ফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, ড. মাহবুব উল্লাহ তার বর্ণাঢ্য কর্মজীবনে ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে এবং ১৯৭৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০০৩ থেকে ২০০৬ মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।