দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫৭৬ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাতে চালানো এই অভিযানে ৩৫টি কার্টন থেকে এসব অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের বাজারমূল্য ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অবৈধ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ এবং পরিবহনের দায়ে কুরিয়ার সার্ভিসের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার লাভলু হোসেন মানিক (৪০), ওমর ফারুক সরকার (৪৩) এবং হাসান আলী (৫৮)।

পার্বতীপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর মহল্লায় অবস্থিত কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর (পিপিএম) সোমবার দুপুরে জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ৪-৫ জনের যোগসাজশে বিভিন্ন স্থানে সরকারি লাইসেন্সবিহীন এসব যৌন উত্তেজক সিরাপ অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিল। অবৈধ ও নিষিদ্ধ ওষুধের মজুতের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।