সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, যিনি এস কে সুর নামে পরিচিত, তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার দিন সকাল সাড়ে ৯টার দিকে এস কে সুরকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পৌনে ১১টার দিকে তাকে এজলাসে হাজির করে আসামির কাঠগড়ায় রাখা হয়। এরপরই বিচারক মামলার রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।