নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং গণপরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে দেশের সকল গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিএর নতুন নিয়ম অনুযায়ী, ১ আগস্ট থেকে কোনো যানবাহনের নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র অবশ্যই সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে। এই শর্ত পূরণ না হলে কোনোভাবেই রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়া হবে না।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন তাদের স্থানীয় কার্যালয় অথবা ওয়েবসাইট থেকে জানা যাবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এই প্রক্রিয়া অনুসরণ করা হবে। পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে বিআরটিএকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।