প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার বিভাগকে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন দ্রুত পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

একই ব্রিফিংয়ে অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়। এর মধ্যে দরিদ্র নারীদের কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করবে।

এছাড়া চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম নিয়ে জানানো হয় যে, সংস্থাটির দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা তাদের দাবি অনুযায়ী সর্বোচ্চ। এর পাশাপাশি চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকা থেকে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

প্রশাসনিক পরিবর্তনের বিষয়ে আরও জানানো হয়, এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো; বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।