হবিগঞ্জ পৌর এলাকায় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।
প্রশাসনের আদেশ অনুযায়ী, একই সময়ে ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ এবং হবিগঞ্জ পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করায় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মাইকিং, শোভাযাত্রা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।