দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার (২৯ জুলাই) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৭৩৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং ঢাকা বিভাগে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
চিকিৎসা ব্যবস্থার বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।