রাজধানীর গুলশান লেক এবং মহাখালীতে অবস্থিত রাজউক ইউআরপি ভবন এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার সকালে এই পরিদর্শনে গিয়ে তিনি এসটিপি বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ কতদূর এগিয়েছে তা যাচাই করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাটিও ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী লেকসমূহকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহাখালীর রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, একটি পরিকল্পিত ও টেকসই নগরী গড়ে তোলার স্বার্থে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।